Homeযশোর খবরএকদিনে দুই দুর্ঘটনা—যশোরে শিক্ষক ও শ্রমিকের করুণ মৃত্যু

একদিনে দুই দুর্ঘটনা—যশোরে শিক্ষক ও শ্রমিকের করুণ মৃত্যু

Share

যশোরে পৃথক দুই দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ও বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলার ভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চৌগাছা সড়কের সদর উপজেলার আমবটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হন। তিনি চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে এবং চৌগাছা পাশাপোল কলেজের প্রফেসর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোটরসাইকেলযোগে যশোর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, আগের দিন বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলার ৯নং স্বরূপদাহ ইউনিয়নের গধাধরপুর গ্রামে নির্মাণাধীন একটি ভবনের পাইলিং কাজের সময় মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিক নিহত হন। তিনি ওই গ্রামের চতুর আলীর ছেলে।

জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে পাইলিং কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে তিনি নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান,দুই ঘটনাতেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন