Homeযশোর খবরমণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবালকে বহিষ্কার

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবালকে বহিষ্কার

এদিকে শহিদ ইকবালের বহিষ্কারের ঘটনায় মণিরামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

Share

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ ইকবালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে জোটের প্রার্থী রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেয়। ফলে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ ইকবাল। বুধবার প্রতীক বরাদ্দের দিনে তিনি কলস প্রতীক পেয়েছেন।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে শহিদ ইকবালের বহিষ্কারের ঘটনায় মণিরামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে অ্যাডভোকেট শহিদ ইকবাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি। এখনো কোনো চিঠিপত্র হাতে পাইনি।

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন