Homeনির্বাচনভোটের নিরাপত্তায় কড়া ব্যবস্থা : যশোর–নড়াইলে বিজিবির টহল ও চেকপোস্ট

ভোটের নিরাপত্তায় কড়া ব্যবস্থা : যশোর–নড়াইলে বিজিবির টহল ও চেকপোস্ট

Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি জেলার মোট ১৬টি উপজেলা ও ১১টি জাতীয় সংসদীয় আসনে ধাপে ধাপে মোট ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি সংসদীয় আসনে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পরবর্তী ধাপে বৃহস্পতিবার নড়াইল জেলার ২টি সংসদীয় আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার আরও ২টি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর ব্যাটালিয়নের অধীন এলাকায় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিজিবির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকাগুলোতে আগাম রেকি (reconnaissance) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা দ্রুত প্রতিহত করা যায়। নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি আশা প্রকাশ করে জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যশোর ও নড়াইলসহ সংশ্লিষ্ট এলাকায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন