যশোরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহরের হোটেল অরিয়ন-এ অনুষ্ঠিত এ আয়োজনে তিনি আধুনিক ও প্রত্যাশিত যশোর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী নিজে অতিথিদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট এম.ইসহাক।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবিদার। তিনি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে যশোরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর ও বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

