যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে মেয়েদের বিয়ে আটকে যাচ্ছে এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রাম দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির জন্য কুখ্যাত বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ গ্রামের প্রায় প্রতিটি পাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন সময় বস্তা বস্তা গাঁজা উদ্ধার হলেও বন্ধ হচ্ছে না এ ব্যবসা।
এলাকাবাসীর ভাষ্য, মাদকের এমন নেতিবাচক পরিচিতির কারণে অন্য এলাকার পরিবারগুলো বাগদাহ গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ের সম্পর্ক করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অনেক মেয়ের বিয়ে অনিশ্চয়তায় পড়েছে। এমন পরিস্থিতিতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার বাগদাহ গ্রামে মানববন্ধন করে এলাকাবাসী। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক বাগদাহ গ্রামের দাউদ মোল্লা বলেন, আমাদের এই বাগদাহ গ্রাম বাংলাদেশের মধ্যে গাজার মোকাম হিসাবে পরিচিতি পেয়েছে। যার ফলে আমাদের সন্তানদের বিয়ে দিতেও লজ্জা পাচ্ছি। পাত্রপক্ষ এই গ্রামের নাম শুনলেই বুঝে ফেলে এটা গাজার খনি। ফলে এই গ্রামের মেয়েদের বিয়ে দেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবিলম্বে গ্রামটিকে মাদকমুক্ত করার জোর দাবি জানান তিনি।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মাদক কারবারিদের আটক করে শুধু জেল দিলে হবে না। তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। মাদক কারবারিদের সাথে প্রশাসনের সখ্যতা রাখা চলবে না। তিনি এলাকার মাদক নির্মুলে প্রশাসনকে আরও কঠোর অবস্থানের পাশাপাশি অভিযান পরিচালনায় আরও কৌশলী হওয়ার আহবান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী ফারাজী, শিক্ষক সাইফ উদ্দিন শেখ, প্রফেসর নুরুজ্জামান, ইউপি সদস্য ফারুক হোসেন, জহুরুল হোসেন মোল্লা, মো. সবুজ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার, জামিনে মুক্তি রোধ এবং কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, মাদকমুক্ত না হলে গ্রামের সামাজিক ও পারিবারিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে। এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান আছে। এছাড়া অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

