যশোরের চৌগাছায় অভিযান পরিচালনা করে ৫৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল তিনটার দিকে এই আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান।
এসময় অবৈধভাবে বিপুল পরিমান এই জ্বালানী তেল মজুদ করার অপরাধে উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমান আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
এদিকে বিকাল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওজন ও পরিমান আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমান এই জ্বালানি তেল আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায় পুলিশ।
তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে আদালত পরিচালনা করে নিজাম উদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেন।
এবিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

