Homeযশোর খবরসিসি ক্যামেরায় ধরা পড়ল তেল সিন্ডিকেট! যুবদলের নাম ব্যবহার করে প্রতারণা

সিসি ক্যামেরায় ধরা পড়ল তেল সিন্ডিকেট! যুবদলের নাম ব্যবহার করে প্রতারণা

Share

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রোববার দুপুরে নিজেই ওই পাম্পে পরিদর্শনে যান এবং ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,একটি চক্র দীর্ঘদিন ধরে যুবদলের নাম ব্যবহার করে পাম্প থেকে জোরপূর্বক তেল সংগ্রহ করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কাও তৈরি হচ্ছিল।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ পাওয়া যায়।

ফুটেজে দেখা যায়, যুবদলের নাম ভাঙিয়ে ওয়াসিম, নাহিদসহ আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই এবং তেলের দামও বাড়ানো হয়নি। অযথা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন