যশোরে ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকালে যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, মবিল তৈরির বিষয়ে এ প্রতিষ্ঠানটির বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদনও নেওয়া ছিল না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের কর্মকর্তারা জানান, রবিবার দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে ‘মেসার্স এসএম লুভ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানটি বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র ছাড়াই বিভিন্ন ব্রান্ডের নামে (এইচডি-৫০, ২০ডাব্লিউ৪০টি, ২০ডাব্লিউ৫০টি) বোতলজাত মবিল তৈরি করছিল। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে তাদের তৈরি মবিল বোতলজাত করছিল এবং মবিল পরীক্ষা করার মতো কোন ল্যাবও তাদের নেই।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার দায়ে মেসার্স এসএম লুভ-এর মালিক মোহাম্মদ আনোয়ারকে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য ভোক্তা পর্যায়ে যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে আরও ৫০ হাজার, মোট এক লাখ টাকা জরিমান আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিএসটিআই কর্মকর্তা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর সদস্য ও র্যাব-৬ একটি টিম উপস্থিত ছিল।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

