যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালী এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামাল উদ্দিন (৫৮) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালী বাজার এলাকার কালীমন্দির শ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের গদখালী শরিফপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ভুলাই দফাদারের ছেলে এবং পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে গদখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন জামাল উদ্দিন। পথিমধ্যে কালীমন্দির শ্মশানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

