জনস্বার্থে জ্বালানি তেলের দাম সরকার বাড়াবে না, জানিয়ে অতিরিক্ত তেল ক্রয়ে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার বেলা ১১টায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীণ সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে এখনো জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে, তবে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে।
তবে জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। আগামী এক মাসের জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করেছে সরকার। আগামী তিনমাসের মজুদ নিশ্চিত করতে এখন থেকেই কাজ করা হচ্ছে। এ সময় তিনি অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত কেনা মানে অন্যকে বঞ্চিত করা।
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বকৃতা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দোলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা সাঈদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কর্মসূচির আওতায় যশোর জেলার মোট ১৫৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে চার লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়।



