খেলাধুলার দুনিয়ায় তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে দেখায়, ভেতরের গল্পটা অনেক সময় ততটাই জটিল। মাঠে সাফল্য, কোটি কোটি টাকার চুক্তি, বিশ্বজোড়া খ্যাতি—সব কিছুর মাঝেও ব্যক্তিগত জীবনে ভাঙন এড়াতে পারেননি বহু ক্রীড়াতারকা।
কখনও মতের অমিল, কখনও দূরত্ব, আবার কখনও বিবাহবহির্ভূত সম্পর্ক ডেকে এনেছে বিচ্ছেদ। আর সেই বিচ্ছেদের মূল্য? অনেক ক্ষেত্রেই অঙ্কটা শুনলে চোখ কপালে ওঠে।
খেলদুনিয়ার ইতিহাসে এমন কিছু ডিভোর্স রয়েছে, যেগুলো শুধুই সম্পর্ক ভাঙার গল্প নয়, বরং কোটি কোটি টাকার ‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে পস্তানোর নজির।
মাইকেল জর্ডন ও জুয়ানিতা ভানয়: ইতিহাসের সবচেয়ে দামি বিচ্ছেদ
ক্রীড়া জগতের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের কথা উঠলেই সবার আগে আসে মাইকেল জর্ডনের নাম। বাস্কেটবল কিংবদন্তি জর্ডন ও জুয়ানিতা ভানয়ের দাম্পত্য টিকে ছিল প্রায় ১৭ বছর। ২০০৬ সালে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়। এই ডিভোর্সে খোরপোশ হিসেবে জুয়ানিতা পেয়েছিলেন প্রায় ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় হাজার কোটিরও বেশি।
তবে জর্ডনের কাছে এই অঙ্ক তেমন বড় বিষয় ছিল না। অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকার মোট সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। তবু খেলদুনিয়ায় আজও এই বিচ্ছেদকে সবচেয়ে দামি ডিভোর্স হিসেবেই ধরা হয়।
আন্দ্রে আগাসি ও ব্রুক শিল্ডস: তারকাখ্যাতির আড়ালে ভাঙন
টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি আজ স্টেফি গ্রাফের সঙ্গে সুখী দাম্পত্যে আবদ্ধ। কিন্তু তার আগে তাঁর জীবনে এসেছিলেন হলিউড অভিনেত্রী ব্রুক শিল্ডস। তাঁদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।
ডিভোর্সের সময় আগাসিকে ব্রুক শিল্ডসকে প্রায় এক হাজার কোটির কাছাকাছি খোরপোশ দিতে হয়েছিল বলে জানা যায়। তারকা দম্পতির বিচ্ছেদ দেখিয়ে দেয়, খ্যাতি আর ভালোবাসা সব সময় একসঙ্গে পথ চলে না।
টাইগার উডস ও এলিন নর্ডেগ্রেন: সম্পর্ক ভাঙার সঙ্গে ক্যারিয়ারের ধাক্কা
গলফ ইতিহাসের অন্যতম সেরা তারকা টাইগার উডসের ডিভোর্স শুধু টাকার অঙ্কের জন্য নয়, তার প্রভাবের জন্যও আলোচিত। বিবাহবহির্ভূত সম্পর্ক প্রকাশ্যে আসার পর উডসের সঙ্গে এলিন নর্ডেগ্রেনের বিচ্ছেদ হয়।
এই ডিভোর্সে এলিন পেয়েছিলেন প্রায় ৮৬০ কোটি টাকা খোরপোশ। তবে ক্ষতি শুধু এখানেই থামেনি। একাধিক বড় স্পনসর উডসের সঙ্গে চুক্তি বাতিল করে। মাঠের বাইরের এই ঝড় তার ক্যারিয়ারেও বড় ধাক্কা দেয়।
আর্নল্ড শোয়ার্জনেগার ও মারিয়া শ্রীভার: শক্তিমান তারকার ব্যক্তিগত ভাঙন
বডিবিল্ডিং কিংবদন্তি, হলিউড সুপারস্টার এবং ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর—আর্নল্ড শোয়ার্জনেগারের পরিচয়ের শেষ নেই। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ব্যর্থতার স্বাদ পেয়েছেন।
২৫ বছরের দাম্পত্যের পর মারিয়া শ্রীভারের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। গৃহকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এই বিচ্ছেদের মূল কারণ। সম্পত্তির প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় ২০০ মিলিয়ন ইউরো শ্রীভারকে দিতে হয় শোয়ার্জনেগারকে। পরে তিনি নিজেই এই ঘটনাকে জীবনের অন্যতম বড় ব্যর্থতা বলে স্বীকার করেন।
হাল্ক হোগান ও লিন্ডা: বিশ্বাসঘাতকতার মূল্য
WWE তারকা হাল্ক হোগানের জীবনও ডিভোর্স বিতর্কে ভরা। ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে লিন্ডা ২০০৭ সালে ডিভোর্সের আবেদন করেন। অভিযোগ ছিল বিশ্বাসঘাতকতার।
বিচ্ছেদের পর হোগান তাঁর সম্পত্তির প্রায় ৭০ শতাংশ লিন্ডাকে দিয়ে দেন। সঙ্গে কোম্পানির শেয়ার এবং নগদ অর্থ। এই ডিভোর্সও ক্রীড়া বিনোদন জগতের অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদের তালিকায় জায়গা করে নিয়েছে।
থিয়েরি অঁরি ও ক্লেয়ার মেরি: স্বল্পস্থায়ী দাম্পত্য, বড় অঙ্কের খোরপোশ
ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি ২০০৩ সালে মডেল ক্লেয়ার মেরিকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। কিন্তু চার বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক।
২০০৮ সালে বিচ্ছেদের পর ক্লেয়ারকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ ডলার খোরপোশ দিতে হয় অঁরিকে। ফুটবল মাঠে যতটা সফল ছিলেন, ব্যক্তিগত জীবনে ততটাই ঝড় সামলাতে হয়েছে তাঁকে।
রায়ান গিগস ও স্টেসি কুক: কেলেঙ্কারি আর সম্পর্কের ইতি
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসের নাম জড়িয়েছে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে। এমনকি ভাইয়ের স্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের খবর সামনে আসে।
২০১৭ সালে স্টেসি কুকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তিন সন্তানের জননী স্টেসি খোরপোশ হিসেবে পান প্রায় ৩১ মিলিয়ন ডলার, যা গিগসের সম্পত্তির বড় অংশ।
মাইকেল ক্লার্ক ও কাইলি বন্ডি: ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি ডিভোর্স
ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের তকমা পেয়েছে মাইকেল ক্লার্ক ও কাইলি বন্ডির বিচ্ছেদ। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক নতুন সম্পর্কে জড়ানোর পর ২০২০ সালে এই ডিভোর্স হয়।
আদালতের রায় অনুযায়ী কাইলিকে প্রায় ৩০০ কোটি টাকা খোরপোশ দিতে হয় ক্লার্ককে। ক্রিকেট বিশ্বে এই ডিভোর্স আজও আলোচনার বিষয়।
শাকিল ও’নিল ও শাউনি: বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের নজির
এনবিএ তারকা শাকিল ও’নিল এবং শাউনি ও’নিলের বিচ্ছেদ তুলনামূলক শান্ত ছিল। চার সন্তানের বাবা-মা হিসেবে তাঁরা সম্পর্ক বজায় রাখেন। খোরপোশ হিসেবে শাউনি পেয়েছিলেন প্রায় ৩৩ মিলিয়ন ডলার।
গ্রেগ নরম্যান ও লরা আন্দ্রেসি: দীর্ঘ সংসারের পর বিচ্ছেদ
অস্ট্রেলিয়ান গলফ কিংবদন্তি গ্রেগ নরম্যানের ২৫ বছরের দাম্পত্যও টেকেনি। বিচ্ছেদের পর লরা আন্দ্রেসি পেয়েছিলেন প্রায় ১০৩ মিলিয়ন ডলার খোরপোশ।

