যশোরে গৃহবধূর ওপর অ্যাসিড হামলা! স্বামী-শ্বশুরসহ ৩ জন গ্রেপ্তার

0
16
Images 10000 01
যশোরে গৃহবধূর ওপর অ্যাসিড হামলা! স্বামী-শ্বশুরসহ ৩ জন গ্রেপ্তার

যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৃহবধূ মাসুরা বেগমের স্বামী আল আমিন শেখ (২২),শ্বশুর মিলন শেখ (৪৫) ও মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)।


পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগী মাসুরা বেগমের মা রোজিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত মাস পূর্বে সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকায় মাসুদ সরদারের মেয়ে মাসুরা বেগমের সঙ্গে একই গ্রামের মিলন শেখের ছেলে আল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আল আমিন শেখ, শ্বশুর মিলন শেখ ও তার স্ত্রী রওশন আরা বেগম এবং মজিদ গাজীর ছেলে মুরসালিন মাসুরা বেগমের উপর নির্যাতন করে তালাক দিতে
বলে। তালাক দিতে রাজি না হলে গত ১৫ মার্চ রাতে তারা চারজন মাসুরা বেগমকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় স্পিড পান করিয়ে অচেতন অবস্থায় তার পায়ে ও যৌনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ মার্চ মাসুরা তার বাবার বাড়িতে গেলে ষয়টি জানাজানি হয়।

মামলার বাদি রোজিনা বেগম বলেন, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মেয়ের জামাই, শ্বশুর, শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘অ্যাসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here